এমপি লিটনকে বৃহস্পতিবার গাইবান্ধা আদালতে হাজির করা হবে

রাজধানীর উত্তরা থেকে গ্রেফতারকৃত গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে গাইবান্ধা আদালতে হাজির করা হবে।

এ তথ্য জানান ডিএমপি মিডিয়া সেন্টারের উপপুলিশ কমিশনার মুনতাসিরুল ইসলাম।

এরআগে বুধবার রাত ১০টার দিকে রাজধানীর উত্তরার এক আত্মীয়ের বাসা থেকে এমপি লিটনকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

গত ২ অক্টোবর ভোরে সুন্দরগঞ্জ উপজেলার দহবন্ধ ইউনিয়নের গোপালচরণ এলাকায় এমপি লিটনের ছোড়া গুলিতে দুই পায়ে গুলিবিদ্ধ হয় গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাহাদাত হোসেন সৌরভ (৮)। শিশুটি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

পরদিন আহত শিশু সৌরভের বাবা এমপি লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ