‘গণপিটুনির’ শিকার হয়ে শিবির কর্মী নিহত

সোমবার বিকেলে যশোর সরকারি এমএম কলেজ এলাকায় ‘গণপিটুনির’ শিকার হয়ে এক ছাত্রশিবির কর্মী নিহত ও অপর দু’জন আহত। নিহত হাবিবুল্লাহ (২২) যশোরের শার্শার তেবাড়িয়া গ্রামের নিয়ামত আলীর ছেলে। আহত দু’জন হলেন, বাঘারপাড়া উপজেলার ছোট খুদরা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে কামরুল হাসান (২২) ও মাগুরার শালিখা উপজেলার আতিয়ার রহমানের ছেলে আল-মামুন (২২)। এরা সবাই যশোর সরকারি এমএম কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিকদার আককাস আলী জানান, সোমবার বিকেলে এমএম কলেজ এলাকার একটি ছাত্রাবাসে এই শিবির কর্মীরা গোপন বৈঠক করছিল। এ খবর পেয়ে ছাত্রলীগ কর্মীরা তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। বিষয়টি জানতে পেরে স্থানীয় সাধারণ ছাত্ররা তাদেরকে ‘গণপিটুনি’ দেয়।
পরে পুলিশ খবর পেয়ে তিনজনকেই আহত অবস্থায় উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সন্ধ্যায় আহতদের মধ্যে হাবিবুল্লাহ মারা যায়। এর আগে তাদের ছাত্রাবাসের পেছন থেকে একটি হাতবোমা ও বেশকিছু জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
আহত ছাত্রশিবির কর্মী আল মামুন দাবি করেছেন, ছাত্রলীগ কর্মীরা তাদের ছাত্রাবাসে হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে তাদের আহত করেছে।
তবে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল জানিয়েছেন, এ ঘটনার সঙ্গে ছাত্রলীগ কর্মীদের কোনো সম্পৃক্ততা নেই। শিবিরের গোপন বৈঠকের খবর পেয়ে সাধারণ ছাত্ররা তাদেরকে মারপিট করেছে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ