বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার জানাজা বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। তাকে জুরাইন কবরস্থানে দাফন করবে বলে তার পরিবার জানান।
আজ সকাল ৮টা ২৬ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিউইয়র্ক থেকে দুবাই হয়ে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যানসার সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাদেক হোসেন খোকা। গত সোমবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।
কিডনি ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ২০১৪ সালের মে মাসে চিকিৎসার জন্য নিউইয়র্কে যান সাদেক হোসেন খোকা। এরপর থেকে সাড়ে পাঁচ বছর ধরে চিকিৎসার জন্য তিনি নিউইয়র্কে অবস্থান করছিলেন।
বিমানবন্দরে সাবেক এই নেতার মরদেহ গ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং বাইরে অপক্ষেমান ছিলেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ দলের কয়েকশ নেতাকর্মী।




















