‘খালেদা জিয়া বাড়তি নিরাপত্তা চাইলে সরকার তা বিবেচনা করবে’

আজ  শনিবার বেলা ১১টার দিকে সিলেট সার্কিট হাউসে সড়ক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক প্রশ্নের জবাবে বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরে বাড়তি নিরাপত্তা চাইলে সরকার তা বিবেচনা করবে।

তিনি আরো বলেন, ‘খালেদা জিয়া বাংলাদেশে একাধিকবার প্রধানমন্ত্রী ছিলেন। তিনি যে নিরাপত্তা ডিসার্ভ (প্রাপ্য) করেন, সেই নিরাপত্তার আওতার বাইরে থাকবেন না। কারণ দেশের প্রতিটি নাগরিককে নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব ও কর্তব্য। খালেদা জিয়ার যদি এ মুহূর্তে বাড়তি কোনো নিরাপত্তা প্রয়োজন হয় সেটা অবশ্যই সরকার বিবেচনা করবে।’

এ সময় বিশ্বের বিভিন্ন দেশে জঙ্গি হামলার বিষয়টি উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশও নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। তাই এ ধরনের হামলা প্রতিহত করতে সরকারের উচ্চ পর্যায়ের নেতাদের এবং সাধারণ নাগরিকদের সতর্ক থাকতে হবে।’

ওবায়দুল কাদের জানান, বর্তমান সরকারের উদ্যোগে দেশে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। সিলেট নগরীকে যানজটমুক্ত করতে হবে। কিন্তু যানজটমুক্ত করতে ফ্লাইওভার নয়, টার্নিংয়ের ব্যবস্থা করতে হবে। ফ্লাইওভার করলে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হবে।

ইতিমধ্যে সিলেটের বিভিন্ন সড়ক উন্নয়নে প্রকল্প হাতে নেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, সিলেট-ঢাকা মহাসড়কের সংস্কারে আগামী ১০ দিনের মধ্যে দরপত্র আহ্বানের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সিলেট-ভোলাগঞ্জ ৩৩ কিলোমিটার সড়ক উন্নয়নে ৪৫০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে ওই সড়কের কাজ শুরু হবে। এ ছাড়া ঢাকা-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে। যা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ