বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার সমালোচনা করে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এই মামলার মাধ্যমে সরকার নিজেদের সর্বনাশের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছে।
শনিবার সকালে রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু কিংবা জিয়াউর রহমানকে বিতর্কিত করে তাদের অবদান খাটো করা সম্ভব নয়।
নজরুল ইসলাম খান বলেন, জনগণকে বিভ্রান্ত করতে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। এ মামলায় তার সাজা হবে না। তারপরও অপচেষ্টা করছে সরকার। কিন্তু এ ‘মামলাবাজ’ সরকার যতই অত্যাচার করুক না কেন- জনগণ তাদের বিচার করবে। কেননা সেই বিচারই হল শেষ বিচার।
‘খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা এ দেশের জনগণ মেনে নেবে না। এটাই সরকার পতনের শেষ পেরেক। জনগণ জেগে উঠলে এ সরকারের পতন অনিবার্য।’
খালেদাকে জনপ্রিয় নেত্রী উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সরকার খালেদা জিয়াকে ভয় পায়। তাদের উদ্দেশ্য তাকে (খালেদা জিয়া) রাজনীতি করতে না দেওয়ার। কিন্তু তিনি গণতন্ত্র রক্ষাকারী ও দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা মেনে নেওয়া যায় না।
























