১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

খাওয়ার পর যে ৮ কাজ ভুলেও করবেন না

আমাদের মধ্যে এমন অনেকেই আছেন, যারা পানির গ্লাস সঙ্গে নিয়ে খেতে বসেন। তারা খাওয়ার পাশাপাশি সমান তালে পানি পান করেন। আবার কেউ কেউ আছেন, খেয়েই বিছানায় শুয়ে পড়েন। বিশেষ করে দুপুরে খাওয়া শেষে প্রিয় ভাতঘুম ছাড়া যেন তাঁদের চলেই না! আবার যারা অফিস করেন, তারা ভরপেট খেয়েই চা বা কফি পান করতে ছোটেন। নইলে তাঁরা কাজে কোনো উদ্যম পান না!
কিন্তু এগুলোর কোনোটিই আমাদের স্বাস্থ্যের জন্য হিতকর নয়। আসলে সঠিক নিয়ম মেনে খাবার খেলে যেমন স্বাস্থ্যের উন্নতি হয়, তেমনই নিয়ম না মেনে খাওয়া-দাওয়ার অভ্যাস আমাদের স্বাস্থ্যের অবনতি ঘটায়।
চলুন জেনে নেওয়া যাক, খাওয়ার পরে কোন ৮ কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত।
১. খাওয়ার একদম পরপর গোসল করা যাবে না। খাবারের পরে হজমে সাহায্য করার জন্য আমাদের পাকস্থলীর আশপাশে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। কিন্তু গোসলের সময় শরীরের তাপমাত্রা পরিবর্তিত হয়। শরীরে আগের তাপমাত্রা ফিরিয়ে আনতে রক্ত তখন পাকস্থলীর পৃষ্ঠ থেকে ত্বকের উপরিভাগে চলে যায়। ফলে হজমশক্তি ব্যাহত হয়, ধীরগতির হয়ে পড়ে।
২. খাওয়ার ঠিক পরই ভারি ব্যায়াম করা হলে হজম প্রক্রিয়া ব্যাহত হতে পারে। এছাড়া এতে বমি বমি ভাব, পেটে ব্যথা এবং গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে।
৩. খাওয়ার পরই মনে হতে থাকে, একটু বিছানায় গড়িয়ে নিলে বুঝি মন্দ হতো না! অথচ খাদ্যগ্রহণের পরপরই শুয়ে বা ঘুমিয়ে পড়লে পাকস্থলীর পাচক রস ওপরে গলার দিকে উঠে আসে। এতে আমরা বুকে জ্বালাপোড়া অনুভব করি। একে অ্যাসিড রিফ্লাক্স বা হার্টবার্ন বলা হয়।
৪. খাওয়ার সময় অতিরিক্ত পানি খেলে হজমক্রিয়ায় ব্যাঘাত ঘটতে পারে। আমাদের দেহে পরিপাকের জন্য বিভিন্ন এনজাইম, হরমোন নিঃসৃত হয়। এ সময় পানি পান করলে এ উপাদানগুলো পানির সঙ্গে মিশে যায়। ফলে খাবার ভালোভাবে পরিপাক হতে পারে না।
৫. খাবার খাওয়ার পর সামনের দিকে ঝুঁকে কোনও কাজ করবেন না। এতেও অ্যাসিড রিফ্লাক্স হতে পারে।
৬. অনেকেই খাওয়ার পর ফল খেতে খুব পছন্দ করেন। অথচ ভরা পেটে ফল খাওয়া একেবারেই অনুচিত। আমাদের শরীর ফল থেকে প্রয়োজনীয় পুষ্টি পায় না তখন।
৭. এবার বলা হবে, একটি মারাত্মক অথচ সাধারণ ভুলের কথা। খাওয়ার পর অনেকেই চা বা কফি খেতে পছন্দ করেন। ফেনলিক উপাদান সমৃদ্ধ এসব পানীয় খাবার থেকে শরীরে আয়রন শোষণে বাধা দেয়।
৮. ধূমপান ও মদ্যপান শরীরের জন্য ক্ষতিকর সন্দেহ নেই। তবে খাওয়ার পর গ্রহণে ক্ষতির মাত্রা কয়েকগুণ বেড়ে যায়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ