মোঃ জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে এক নার্সকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ক্লিনিক মালিকের বিরুদ্ধে। এঘটনায় বুধবার দুপুরে ভূক্তভোগি ওই নার্স ক্লিনিক মালিকসহ দুই জনের বিরুদ্ধে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
পুলিশ ও ভূক্তভোগি সূত্রে জানা যায়, উপজেলা শহরের হাসপাতাল মোড়ে অবস্থিত ভাই ভাই ক্লিনিকে দীর্ঘ ৭ মাস ধরে ওই ভূক্তভোগি যুবতি নার্স হিসেবে কাজ করছে। গত ৩ মাস ধরে ক্লিনিক মালিক আসমত আলী তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আসছে।
প্রতিনিয়ত ধর্ষণের এক পর্যায়ে ওই যুবতি গর্ভবতী হয়ে পড়ে। এসময় সে ওই ক্লিনিক মালিককে বিষয়টি জানিয়ে তাকে বিয়ের প্রস্তাব দিলে ক্ষুব্ধ হয়ে ওঠে লম্পট ক্লিনিক মালিক আসমত। গত ১৪/১৫ দিন পূর্বে ভূক্তভোগি ওই যুবতিকে জোরপূর্বক অবৈধ গর্ভপাত ঘটানো হয় বলেও ভূক্তভোগির পরিবার ও মামলা সূত্রে জানা গেছে।
এব্যাপারে স্থানীয়রা জানান, ক্লিনিক মালিক আসমত ও তার ভাই আলতাফ হোসেন দীর্ঘদিন ধরে নানা ধরনের অবৈধ কাজের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপ ও চাঁদাবাজীর ব্যাপক অভিযোগ রয়েছে।
হরিণাকুণ্ডু থানার ওসি আসাদুজ্জামান বলেন, ধর্ষণের শিকার ওই যুবতি থানায় মামলা দায়ের করেছেন। তাকে ডাক্তারী পরিক্ষার জন্য পাঠানো হয়েছে। দ্রুত আসামীদের গ্রেপ্তার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে




















