শুধুমাত্র অর্থ লেনদেনই নয় কেনাকাটারও সুযোগ নিয়ে এসেছে মোবাইল ব্যাংকিং। অর্থ বহনের ঝামেলা না থাকায় আর সহজ লেনদেনের কারণে ক্রেতাদের কাছেও দিন দিনই জনপ্রিয়তা পাচ্ছে অর্থ প্রদানের এই মাধ্যমটি। তবে সব ধরনের বিক্রয় কেন্দ্রকেই এই সেবার আওতায় আনার দাবি ক্রেতাদের। সেবাদানকারী প্রতিষ্ঠান বলছে ক্রেতাদের সারা পেলে সর্ব স্তরে ছড়িয়ে দেয়া হবে এই সেবা।
নগদ অর্থের লেনদেন ছাড়াই কেনাকাটার ধারনা প্রথম আসে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে। তবে কার্ডের পাশাপাশি লেনদেন ও কেনাকাটায় এখন জনপ্রিয় একটি মাধ্যম হতে যাচ্ছে মোবাইল ব্যাংকিং। যেখানে কেনাকাটা থেকে থেকে শুরু করে খাবার কিংবা হাসপাতালের চিকিৎসা বিল সবই দেয়া যাচ্ছে একটি মাত্র মোবাইল একাউন্টের মাধ্যমে। দেশে মোবাইল একাউন্টের মাধ্যমে লেনদেন কিংবা কেনাকাটার এই ধারনা নতুন হলেও গ্রাহকদের কাছ থেকে বেশ ভাল সাড়া পাওয়া যাচ্ছে বলে জানালেন বিক্রেতারা। বিভিন্ন অফার আর ক্যাশ ব্যাকের সুযোগ নিতে ক্রেতাদের আগ্রহের কথা জানালেন বিক্রেতারা।
নগদ অর্থ বহনের ঝামেলা না থাকায় আর খুব সহজে লেনদেনের সুযোগের কারণে ক্রেতাদের কাছেও বেশ জনপ্রিয় হচ্ছে অর্থ লেনদেনের নতুন এই মাধ্যমটি। তবে এই সুবিধার আওতা বাড়ানোর দাবি সাধারণ ক্রেতাদের। ক্রেতাদের সাড়া পেলে এই সেবার আওতা আরও বাড়ানো হবে বলে জানালেন দেশের অন্যতম মোবাইল ব্যাংকিং সেবা দানকারী প্রতিষ্ঠান, বিকাশের কর্মকর্তা।
বিকাশ লিমিটেড হেড অব মার্কেটিং আসিফ আহমেদ বলেন, ‘দোকানে গিয়ে কেনার ব্যাপারটা এখন নতুন। প্রায় ৫৭টি ব্রান্ড থেকে এই অফারটা দেয়া হচ্ছে। এটা আমরা আরও মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে চাচ্ছি। যেটা হচ্ছে ভবিষ্যতে মানুষ মুদি দোকান থেকে বিকাশের মাধ্যমে জিনিস কিনতে পারবে।’ ভবিষ্যতে সারা বাংলাদেশে কেনাকাটায়, অর্থ প্রদানের মাধ্যম হিসেবে মোবাইল ব্যাংকিংকে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর।





















