”কারা আইএস, কোথায় আইএস তা আমরা হন্যে হয়ে খুঁজছি।” স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ”দেশে আইএস আছে কি না, তা খুঁজে বের করতে সরকার ব্যাপক চেষ্টা চালাচ্ছে।”
আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে প্রখ্যাত শ্রমিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির ১২তম শাহাদাতবার্ষিকীতে আয়োজিত এক স্মরণসভায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
বিএনপি-জামায়াতের দিকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, ”আজ বা কালের মধ্যে এই দেশবিরোধী সন্ত্রাসী ও ষড়যন্ত্রকারী অপশক্তি গড়ে ওঠেনি। দেশের স্বাধীনতারবিরোধী এই অপশক্তি অনেক আগে থেকেই আছে। আর এ সন্ত্রাসীরাই পেট্রলবোমা মেরে, জ্বালাও-পোড়াও চালিয়ে প্রায় ৫০০ জন সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে।”
তিনি বলেন, ”কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে বলা হয় এটি আইএস ঘটিয়েছে। কিন্তু সরকারের নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো হন্যে হয়ে আইএস খুঁজছে। গোয়েন্দা সংস্থা এখনও তাদের সংশ্লিষ্টতা খুঁজে পায়নি।”
দেশে যেসব গুম-খুন, টার্গেট কিলিং হচ্ছে তার অধিকাংশের রহস্যই উদঘাটিত হয়েছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ”এ সমস্ত হত্যাকাণ্ডের সঙ্গে দেশি-বিদেশি ষড়যন্ত্র জড়িত।”
‘সন্ত্রাস দমন ও মাদকমুক্ত সমাজ গঠনে জনপ্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক এ সভার আয়োজন করে শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি স্মৃতি পরিষদ।
























