করোনাভাইরাসের উৎস অনুসন্ধানে নিরপেক্ষ তদন্তে সমর্থন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভার্চুয়াল সম্মেলনে অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন। এরমধ্যেই বেইজিংকে স্বাধীন তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে ডব্লিউএইচও। এদিকে সংস্থটির সংস্কারের দাবি তুলেছে যুক্তরাষ্ট্র।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে করোনা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। সোমবার বিশ্বস্বাস্থ্য সংস্থার বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে মার্কিন স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভাইরাসটি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চীনের বিরুদ্ধে তথ্য লুকানোরও অভিযোগ তোলেন তিনি।
মার্কিন স্বাস্থ্যমন্ত্রী আলেক্স আজার বলেন, করোনা মহামারি ইস্যুতে ডব্লিউএইচওর প্রতিটি পদক্ষেপের স্বাধীন তদন্তকে ওয়াশিংটন সমর্থন করে। একটি দেশ ক্রমাগতভাবে তথ্য লুকানোর চেষ্টা করছে। তাদের দায়িত্বহীন আচরণে বিশ্বের বহু মানুষকে প্রাণ দিতে হচ্ছে।
ইতোমধ্যে করোনার উৎস অনুসন্ধানে ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়েছে শতাধিক রাষ্ট্র। অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নের খসড়া প্রস্তাবে সমর্থন জানিয়েছে মার্কিন মিত্ররা। সম্মেলনে অংশ নিয়ে নিরপেক্ষ তদন্তে সহযোগিতার কথা জানালেন চীনা প্রেসিডেন্ট।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, শুরু থেকেই চীন করোনা ভাইরাস বিষয়ে খোলামেলা ছিল এবং স্বচ্ছতার সঙ্গে দায়িত্বশীল আচরণ করেছে। স্বচ্ছ তদন্ত বেইজিং সমর্থন করে। তবে যে কোনো তদন্তের জন্য ভাইরাস নিয়ন্ত্রণে আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত।
এরমধ্যেই স্বাধীন তদন্ত নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্বস্বাস্থ্য সংস্থা মহাপরিচালক ট্রেড্রোস আধানম ঘেব্রিয়েসুস বলেন, স্বাধীন পর্যবেক্ষণ উপদেষ্টা কমিটি তাদের প্রথম প্রতিবেদন জমা দিয়েছে। এতে বেশ কিছু সুপারিশ রয়েছে। সবচেয়ে বড় কথা হলো- পৃথিবী যেনো এমন পরিস্থিতিতে না পড়ে সেই ব্যবস্থা নিশ্চিত করা।
একই সম্মেলনে করোনা মোকাবিলায় অনুন্নত রাষ্ট্রগুলোকে সহায়তার জন্য উন্নতদেশুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
























