সোনাগাজী মডেল থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের মামলায় ৮ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস-শামস জগলুল হোসেন এ রায় ঘোষণা করেন। বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার প্রথম রায় এটি।
এর আগে ২০ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের সব যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ২৮ নভেম্বর দিন ধার্য করেন বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস-শামস জগলুল হোসেন। এ মামলায় ১২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
রায় ঘোষণার আগে সাবেক ওসি মোয়াজ্জেমকে কারাগার থেকে ঢাকার আদালতের হাজতখানায় হাজির করা হয়। বেলা ২টার পর তাঁকে আদালতের এজলাসে তোলা হয়।
গত ২৭ মার্চ ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে শ্রেণিকক্ষে নিয়ে যৌন নিপীড়ন করেন মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা। এমন অভিযোগ উঠলে দুজনকে থানায় নিয়ে যান ওসি মোয়াজ্জেম হোসেন। এ সময় ওসি নিয়ম ভেঙে জেরা করেন এবং নুসরাতের বক্তব্য ভিডিও করেন।




















