পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার শিংহখালী স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী রেশমা আক্তার এবার এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ে অংশ নিতে পারেনি। তবে সদ্য প্রকাশিত ফলাফলে দেখা গেছে, সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তার গ্রেড পয়েন্ট ৪ দশমিক ০৬। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
২ ফেব্রুয়ারি শুরু হয় এ বছরের এসএসসি পরীক্ষা। রেশমা বাণিজ্য শাখার পরীক্ষার্থী ছিল। অন্যসব বিষয়ে পরীক্ষায় অংশ নিলেও অনিবার্য কারণে ২৩ ফেব্র“য়ারি অনুষ্ঠিত গণিত পরীক্ষায় সে অংশ নিতে পারেনি। তবে বুধবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে দেখা যায় রেশমা আক্তারের নাম। তার রোল নং-৪৪২৬৮৮, বাবার নাম মো. হাবিব মুন্সি, মা মমতাজ বেগম এবং প্রাপ্ত জিপিএ ৪ দশমিক ০৬।
শিংহখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুল আলম জানান, রেশমা অনিবার্য কারণে গণিত বিষয়ে পরীক্ষায় অংশ নিতে পারেনি। তবে পরীক্ষার ফলাফলে সে উত্তীর্ণ হল কীভাবে তা তিনি বলতে পারছেন না।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল আলম জানান, ফল বিভ্রাটের বিষয়টি তাকে ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ অবহিত করেছেন।
বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. জিয়াউল হক জানান, রেজিস্ট্রার না দেখে এ মুহূর্তে কিছুই বলা যাবে না। তবে সত্যতা পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।






















