চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বচনে নৌকা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মোছেলেম উদ্দিন আহমদ বলেছেন, দেশের মানুষ উন্নয়ন চায়, সেই উন্নয়ন দিতে জননেত্রী শেখ হাসিনা সফল হয়েছেন। দেশব্যাপী রেকর্ড পরিমাণ যে উন্নয়ন হয়েছে সে তুলনায় এই এলাকা তথা চট্টগ্রাম-৮ নির্বাচনী এলাকায় কাঙ্খিত উন্নয়ন হয়নি শুধুমাত্র নেতৃত্বের অভাবে।
শেখ হাসিনা নিজের ও পরিবারের চাওয়া পাওয়ার উর্দ্ধে উঠে সর্বোচ্চ ত্যাগ ও পরিশ্রম করে দেশের অর্থনীতিকে যে ভাবে শক্তিশালী করেছেন, দেশের মানুষ এজন্য তার প্রতি আস্থাশীল ও বিশ্ব নেতৃত্ব শেখ হাসিনার নেতৃত্বকে অভিনন্দিত ও প্রসংশিত করছে। তিনি চট্টগ্রাম-৮ আসনের জনগণের ভাগ্য উন্নয়নে তাই আবারো নৌকায় ভোট দেওয়ার আহবান জানান। আজ ১০ জানুয়ারি (শুক্রবার) দুপুরে পশ্চিম ষোলশহর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
মোছলেম উদ্দীন আহমদ বলেন, এলাকার উন্নয়নের জন্য, এলাকার সাধারণ মানুষের সমস্যা সমাধানের জন্য এবং চট্টগ্রামের দুঃখ কালুরঘাটে নতুন সেতু দ্রুত বাস্তবায়নের জন্য এই উপ-নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন হলেও এই নির্বাচনের জয়-পরাজয়ে জাতীয়ভাবে কোন পরিবর্তন হবেনা বা সরকার পরিবর্তন হবে না। রাজনৈতিক বিবেচনা করে এলাকার উন্নয়নকে বাধাগ্রস্থ না করে, এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি যদি নির্বাচিত হই এলাকার সকল দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষ আমার কাছ থেকে সহযোগিতা পাবে এবং আমার দরজা সব সময় খোলা থাকবে।
তিনি আরো বলেন, ১৯৭৩ সালের পর থেকে এ এলাকায় কোন আওয়ামী লীগের এমপি ছিল না, এবার সুযোগ তৈরি হয়েছে এবং এলাকাবাসীর জন্য এটা একটা পরীক্ষা। এখানে আওয়ামী লীগ, বিএনপি ও অন্যান্য দলের সমর্থকও থাকতে পারে, সবার মনে দেশপ্রেম অবশ্যই আছে এবং তারা উন্নয়ন চাই। তিনি উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ১৩ জানুয়ারি উপ-নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সকল দলের সমর্থকদের প্রতি আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম সুজন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: মশিউর রহমান চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ এয়াকুব, মোহাম্মদ সালাউদ্দিন, ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ সভাপতি হোসনে আরা পারুল, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক মোঃ তালেব আলী, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সহ-সভাপতি কাজী রাশেদ আলী জাহাঙ্গীর প্রমুখ।
সংবাদদাতা : এমটিএ
























