ছৈয়দ মনির আহাম্মদ
শীত এলে প্রকৃতির রূপ বদলে যেতে থাকে। গাছের পাতা হলুদ হয়ে ঝরে যায়। যেসব দেশে বরফ পড়ে সেসব দেশে সাদা বরফের চাদরে ঢেকে যায় সব কিছু। শীত থেকে বাঁচার জন্য মানুষ গরম কাপ পরে। প্রচন্ড ঠান্ডা থেকে বাঁচার জন্য কোনো কোনো দেশের লোকেরা ঘরের ভিতর ফায়ার প্লেস বানিয়ে আগুন জ্বালানোর ব্যবস্থা রাখে। কিন্তু বাইরের খোলা প্রকৃতিতে যেসব প্রাণী বাস করে তারা কি করে?
বরফ আর প্রচন্ড ঠান্ডা থেকে বাঁচার জন্য কিছু কিছু পাখি সুদূর সাইবেরিয়া থেকে চলে আসে আমাদের মতো দেশে যেখানে বরফ পড়ে না। তাইতো শীত এলে আমাদের খালে-বিলে নতুন নতুন সব পাখি দেখা যায়। কিন্তু সব প্রাণীতো আর পাখির মতো উড়তে পারে না। ওরা বরফের দেশে থেকেই বাঁচার চেষ্টা করে। অবশ্য প্রাকৃতিক নিয়মেই ওদের গায়ে পুরু লোম গজায়। নতুন করে গজানো লোমের রঙ অনেক সময় সাদা হয়, যেন বরফের মধ্যে প্রাণীটা নিজেকে লুকিয়ে রাখতে পারে। কোনো কোনো প্রাণী আছে শীতের আগেই অনেক খাবার জমিয়ে রাখে। যেন শীতের সময় যখন খাবার পাওয়া যায় না তখন বাইরে বের না হয়ে মাটির গর্তে বা গাছের খোড়লে বসে জমানো খাবার খেয়েই শীত পার করে দিতে পারে। অবাক করা বিষয় হচ্ছে কোনো কোনো প্রাণী না খেয়ে পুরো শীতকালটিই ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেয়। শীতকালে প্রাণীদের জন্য সবচেয়ে বড় সমস্যা খাবার খুঁজে পাওয়া। তাই ঘুমিয়ে কাটানোর কৌশলেই অনেক প্রাণী শীতকালে খুব কম খেয়ে বা না খেয়ে বেঁচে থাকার চেষ্টা করে। ঘুমিয়ে থাকার কারণে শরীর থেকে খুব কম শক্তি খরচ হয়। ফলে একেবারেই না খেয়ে বা খুব কম খেয়ে এই সব প্রাণী বেঁচে থাকতে পারে। প্রাণীদের শীতকালের এই ঘুমকে হাইবারনেশন বা শীত ঘুম বলে।
শীত আসার আগেই এই সব প্রাণী শীতের প্রস্তুতি নিতে শুরু করে। কিছু কিছু প্রাণী তাদের মাটির গর্তে বা গাছের খোড়লে খাবার জমিয়ে রাখে। মাঝে মধ্যে শীত ঘুম থেকে অল্প সময়ের জন্য তারা জেগে ওঠে এবং জমানো খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। আবার কোনো কোনো প্রাণী আছে যারা শীতের আগে থেকেই বেশি বেশি খেতে শুরু করে। এই খাবার তাদের শরীরে চর্বি আকারে জমতে থাকে। শীত ঘুমের প্রাণীদের শরীরে দুই ধরনের চর্বি থাকে। স্বাভাবিক সাদা চর্বি এবং বিশেষ ধরনের বাদামী রঙের চর্বি। বাদামী রঙের চর্বি প্রাণীদের মগজ, হৃদপিন্ড ও ফুসফুসের কাছে পাতলা প্রলেপের আকারে থাকে। শীত শেষে এই চর্বি শরীরের ঐ অঙ্গগুলোতে দ্রুত উষ্ণতা ছড়িয়ে প্রাণীটিকে জেগে উঠতে সাহায্য করে। শীত ঘুমের সময় অনেক প্রাণীর শরীরের তাপমাত্রা, শ্বাস-প্রশ্বাস ও হৃদপিন্ডের গতি অস্বাভাবিক রকম কমে যায়। উডচোবা নামে আমেরিকায় কাঠবেড়ালির মতো এক ধরনের প্রাণী আছে যারা মাটিতে গভীর গর্ত করে বাস করে। তাদের হৃৎপিন্ডের স্পন্দন মিনিটে ৮০ থেকে ৪ এ নেমে আসে। আর শরীরের তাপমাত্রা ৯৮ ডিগ্রি ফারেনহাইট থেকে নেমে আসে ৩৮ ডিগ্রি ফারেনহাইটে। তাপমাত্রা যদি এর চেয়ে বেশি নেমে আসে তাহলে প্রাণীটি জেগে ওঠে। আবার কিছু কিছু প্রাণী আছে প্রতি সপ্তাহেই জেগে উঠে প্রাকৃতিক কাজ সারে। খাবার পেলে কিছু খায় এবং আবার ঘুমিয়ে পড়ে।
সবচেয়ে বড় যে প্রাণীটি ঘুমিয়ে শীত পার করে দেয় তার নাম ভাল্লুক। আমেরিকার গ্রিজলি অথবা কালো ভাল্লুকের হৃদপিন্ডের গতি প্রতি মিনিটে ৪০/৫০ থেকে ৪/১২ তে নেমে আসে। তবে শরীরের তাপমাত্রা তেমন একটা কমে না। আশ্চর্যের বিষয় হচ্ছে পুরো শীতকাল ভাল্লুক অন্য প্রাণীদের মতো কিছু খায় না। পান করে না। এমনকি প্রাকৃতিক কাজ করার প্রয়োজন হয় না তাদের। ভাল্লুকের এই শীত ঘুম ছয় মাস পর্যন্ত স্থায়ী হয়। এছাড়াও বাদুড়, সাপ, ব্যাঙ, লাফানো ইঁদুর, ছোট বাদামী বাদুড়, চিপমাংক, মাটিতে বাস করা কাঠবেড়ালী এবং কানাডার পাহাড়ি অঞ্চলে বাস করা পাখি পুরো শীতকালটা ঘুমিয়ে কাটায়।
প্রাণীরা কিভাবে বুঝতে পারে শীত ঘুমের সময় চলে এসেছে সেটা নিয়ে এখনো গবেষণা চলছে। এসব প্রাণীর রক্তে একটি বিশেষ উপাদান আছে যার নাম দেয়া হয়েছে এইচআইটি (হাইবারনেশন ইনডিউসমেন্ট ট্রিগার) অর্থাৎ শীত ঘুমের সঞ্চালক। সাম্পতিক গবেষণা থেকে ধারণা করা হয় এটা এক ধরনের নেশা জাতীয় উপাদান। শীতের শুরুতে যখন দিন ছোট হতে থাকে, তাপমাত্রা কমতে শুরু করে তখন এইসব প্রাণীর শরীরে এইচআইটি জেগে ওঠে। ফলে তারা ঘুমিয়ে পড়ে। তবে এটা কেন এবং কিভাবে ঘটে সেটা এখনো রহস্যময়।
সূত্র : বিজ্ঞানের পথে পথে
আরিফ হাসান























