উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কলেজে ভর্তিতে জটিলতা

রোল নম্বরের ডিজিট সংখ্যা বেশি হওয়ায় সাধারণ কলেজে ভর্তি নিয়ে জটিলতার মুখে পড়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এস এস সি পাশ করা শিক্ষার্থীরা। সাধারণ স্কুলের শিক্ষার্থীদের রোল নম্বরের ডিজিট সংখ্যা ৬ হলেও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রোল নম্বর এক্ষেত্রে ১১ সংখ্যার। ফলে রোল নম্বর সাপোর্ট না করায় এখানকার শিক্ষার্থীরা অন লাইনে কলেজ ভর্তির ফরম পূরণ করতে পারছে না। নানা কারণে সাধারণ শিক্ষার সুযোগ না পাওয়া শিক্ষার্থীরাই মূলত বিশেষ ব্যবস্থা হিসেবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। এক্ষেত্রে ভালো ফলাফল করে অনেকে আবার সাধারণ শিক্ষা ব্যবস্থায় ফিরে আসে। অন্যান্য বছর এস এস সি পাশ করে মেধাবী শিক্ষার্থীরা সাধারণ কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেতো।

কিন্তু এবার উচ্চ মাধ্যমিক কলেজগুলোতে অনলাইন ভর্তি পদ্ধতির কারণে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনিশ্চয়তায় পড়েছে। মূলত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রোল নম্বর ১১ সংখ্যার ডিজিট হওয়ায় তারা ফরম পূরণ করতে পারছে না।

কয়েকজন ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘কোন ফরমে আমরা ১১ ডিজিট ইনস্টল করতে পারছি না। এখন আমরা এখানে আসার পর বলে বাউবি’তে যেতে, বাউবি’তে যাওয়ার পর বলছে এখানে সমস্যা। আমরা সমস্যা সমাধানে দৌড়াদৌড়ি করেও সমাধান মিলছে না। অনলাইনে ৬ তারিখ থেকে ফরম বিতরণ চলছে কিন্তু ১১ তারিখেও আমরা কোন সমস্যার সমাধান পাচ্ছি না। ১৮ তারিখ অনলাইনে ফরম পূরণের শেষ সময়। এখন আমরা কি করব?’

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের নীতি নির্ধারক পর্যায় থেকে সিদ্ধান্ত না হলে, এ সমস্যার সমাধান সম্ভব নয় বলে জানিয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চট্টগ্রাম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক বদরূল হায়দার চৌধুরী বলেন, ‘অনলাইনে ১১ ডিজিট সমর্থন করে না। এতে করে তারা অনেক সমস্যায় পরছে। আমি আমার হেড অফিসকে জানিয়েছি। ওনারা আশা করছেন অতি দ্রুত এর একটা সমাধান বেরিয়ে আসবে।’

অপরদিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানিয়েছেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্যা সমাধানে এখনো পর্যন্ত কোন নির্দেশনা আসেনি।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শাহজাহান বলেন, ‘উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যারা এসএসসি পাস করেছে তাদের কলেজে ভর্তির ব্যাপারে আমাদের সুনির্দিষ্ট কোন নির্দেশনা দেয়া হয়নি। যদি পরবর্তী সময় আমরা এ রকম কোন নির্দেশনা পেয়ে থাকি তখন সেভাবে আমরা ব্যবস্থা নিব।’

এবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম অঞ্চলের অধীনে ১৬ হাজার শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে সাড়ে ৫ হাজার। আগামী ১৮ জুন শেষ হচ্ছে কলেজ ভর্তির অনলাইনে ফরম পূরণ।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ