ইউপি নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি

ইউনিয়ন পরিষদ নির্বাচনেও যাবে বিএনপি। এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্তও নিয়েছে তারা। এবারের ইউপি নির্বাচনও দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে।

বুধবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলটির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। দলের জাতীয় কাউন্সিলকে সামনে রেখে রাত সোয়া ৯টার দিকে বৈঠকটি শুরু হয়ে চলে রাত সোয়া ১১টা পর্যন্ত।

বৈঠক শেষে বিএনপির এক নেতা জানান, আসন্ন ইউপি নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপি। নির্বাচনে প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে সিনিয়র নেতাদেরকে তৃণমূলে যোগাযোগ রাখার ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে।

প্রসঙ্গত, সদ্য হয়ে যাওয়া ২৩৪ পৌরসভার মেয়র পদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা নৌকা প্রতীকে ১৮১টি, প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে মাত্র ২৪টি পৌরসভায় বিজয়ী হন।

আর ওই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থীরা ভোট পান ৫১ দশমিক ৫৭ শতাংশ এবং বিএনপি মনোনীতরা পেয়েছেন ২৮ দশমিক ১৫ শতাংশ। যদিও এ নির্বাচনকে মেনে নেয়নি বিএনপি।

তবে এখন দলের কাউন্সিল নিয়েই বেশি ভাবছে বিএনপি। গত ২৩ জানুয়ারি অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে ১৯ মার্চ কাউন্সিল করার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল তারা। ওই বৈঠকের সিদ্ধান্তের আলোকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, সোহরাওয়ার্দী উদ্যান ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুমতি চেয়ে চিঠি পাঠায় দলটি।

এর মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে ওই কাউন্সিল অনুষ্ঠান করতে গণপূর্ত বিভাগ অনুমতি দিলেও পুলিশের পক্ষ থেকে এখনো অনুমতি পায়নি বিএনপি।
বৈঠক সূত্র জানায়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কাউন্সিল অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে এখনো এগুচ্ছে বিএনপি। তবে সেখানে অনুমতি না পেলে প্রয়োজনে কাউন্সিল পেছানো হতে পারে। সেক্ষেত্রে বিকল্প হিসেবে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে কাউন্সিল করার কথা ভাবছে দলটি।

সম্মেলনস্থল পরিবর্তন হলে সেক্ষেত্রে সম্মেলনের নির্ধারিত তারিখও পরিবর্তিত হতে পারে। তবে আওয়ামী লীগের কাউন্সিলের আগেই দলটি এ অনুষ্ঠান সম্পন্ন করতে চায়।

কাউন্সিলের নির্বাচন কমিশনার হিসেবে টিএইচ খানের নাম প্রস্তাব করা হয়েছে। তিনি রাজি না হলে ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারকে নির্বাচন কমিশনার করা হবে।

এছাড়া কাউন্সিলের আগে চেয়ারপাসন নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সুষ্ঠুভাবে কাউন্সিল সম্পন্ন করতে মূল কমিটির বাইরে গঠন করা হয়েছে আরো ১১টি উপ-কমিটি।

খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্রি.জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, তরিকুল ইসলাম, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান।

উল্লেখ্য, এর আগে গত ২৩ জানুয়ারি স্থায়ী কমিটির বৈঠক করেন বেগম জিয়া। ওই বৈঠক থেকে আগামী ১৯ মার্চ ঢাকায় বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল হবে মর্মে সিদ্ধান্ত হয়। কাউন্সিলের জন্য সোহরাওয়ার্দী উদ্যান, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র অথবা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন ব্যবহারের অনুমতি চেয়ে চিঠি দিয়েছিল দলটি। বিএনপির সর্বশেষ পঞ্চম কাউন্সিল হয়েছিল ২০০৯ সালের ৮ ডিসেম্বর, শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। তিন বছর পরপর কাউন্সিল অনুষ্ঠানের কথা থাকলেও ছয় বছরের বেশি সময় পর দলটির ষষ্ঠ কাউন্সিল হতে যাচ্ছে।

খালেদা জিয়ার সাথে বৈঠক করবে ইইউ প্রতিনিধিদল : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করবে ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। গুলশান কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চলমান রাজনীতি, মানবাধিকার, পোশাক শিল্পের কর্মপরিবেশ ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেণে চার সদস্যের ইউরোপীয় ইউনিয়ন সংসদীয় প্রতিনিধিদল তিন দিনের সফরে ঢাকায় এসেছে, গত মঙ্গলবার মধ্যরাতে। ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট সদস্য ও দণি এশিয়াবিষয়ক প্রতিনিধিদলের চেয়ারপারসন জিন ল্যাম্বার্ট এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ