যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ইউক্রেনের ৩ হাজার ৭৫২ জন বেসামরিক নিহত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার (ওএইচসিএইচআর) এই তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
সংস্থাটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, হামলা ইউক্রেনের আরও ৪ হাজার ৬২ জন আহত হয়েছে। বোমাবর্ষণ, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার কারণে এসব হতাহতের ঘটনা ঘটেছে বলে সংস্থাটি জানিয়েছে।
তবে সংস্থাটি জানিয়েছে, তাদের ধারণা সংঘাতে প্রকৃত হতাহতের ঘটনা আরও বেশি।
এদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ফেসবুক পোস্টে দাবি করেছে, যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত রাশিয়ার ২৮ হাজারের বেশি সেনা নিহত হয়েছে। পোস্টে আরও বলা হয়েছে, গত দিন রাশিয়া অন্তত ৪০০ সেনা হারিয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৮৪দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির সংঘাত ক্রমশ বেড়েছে।
























