ওয়ানডে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে রোববার (১৯ নভেম্বর) অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। বাংলাদেশ সময় বেলা আড়াইটায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলতে নামবে দুদল। এ ম্যাচে স্বাগতিক দল যে গ্যালারি থেকে নিরঙ্কুশ সমর্থন পাবে, তা বলার অপেক্ষা রাখে না।
ভারত বিশ্বকাপের স্বাগতিক। গ্যালারিতে স্বাভাবিকভাবেই তাদের দর্শকদের উপস্থিতি বেশি থাকবে। সে অনুযায়ী অস্ট্রেলিয়ার দর্শক থাকার সম্ভাবনা খুবই কম। যেমনটা হয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে টিম ইন্ডিয়ার সেমিফাইনাল ম্যাচে। ব্যাপারটাকে তাই একপাক্ষিকই মনে করছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
কামিন্স বলেন, ‘ভিড়টা হবে শুধু ভারতের জন্য। গ্যালারিতে দর্শকদের বড় অংশকে চুপ করিয়ে দেয়ার চেয়ে সন্তুষ্টির কিছু নেই। আগামীকালও (রোববার) আমাদের সেটাই লক্ষ্য। ফাইনালের প্রতিটি অংশ উপভোগ করতে হবে।’
ফাইনাল বিধায় আবেগে ভাসতে চান না কামিন্স। সবকিছু উপভোগ করে নিজেদের উদ্দেশ্যেও হাসিলের জন্য চোখ-কান খোলা রাখতে চান তিনি। অজি ক্যাপ্টেন বলেন, ‘মাঠে অনেক বেশি হৈ-হুল্লোর থাকবে, বেশি লোক থাকবে, আগ্রহ থাকবে। কেবল অভিভূত হওয়া যাবে না, এটার জন্য প্রস্তুত হতে হবে এবং এটাকে ভালবাসতে হবে। যাই ঘটুক। দিন শেষে যেন কোনো অনুশোচনা না থাকে।’
























