মায়ানমারের বিরোধী দলীয় নেত্রী অং সান সুচি বলেছেন, ঐতিহসিক সাধারণ নির্বাচনে তার দল পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়েছে।
মঙ্গলবার বিবিসি’কে দেয়া এক সাক্ষাতকারে তিনি আরো বলেন, এ পর্যন্ত ঘোষণায় তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি(এনএলডি) ৮৮ আসনের মধ্যে ৭৮টিতে জয়ী হয়েছে।
মায়ানমারে পার্লামেন্টের ৬৬৪টি আসনের মধ্যে এক চতুর্থাংশ সেনাবাহিনীর জন্যে সংরক্ষিত। বাকী যেসব আসনে নির্বাচন হয়েছে তাতে এনএলডিকে দুই তৃতীয়াংশ আসনে বিজয়ী হতে হবে। এ প্রসঙ্গে সুচি বলেন, তার দল এ অবস্থাকেও ছাড়িয়ে গেছে এবং প্রায় ৭৫ শতাংশ আসন জিতেছে।
তবে আনুষ্ঠানিক ফলাফলের জন্যে কয়েকদিন অপেক্ষা করতে হবে।
সাক্ষাতকারে সুচি বলেন, নির্বাচন সুষ্ঠু না হলেও অনেকটাই অবাধ হয়েছে।
নোবেল বিজয়ী সুচির দল গত ২৫ বছরে এই প্রথম রোববার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। এর আগে ১৯৯০ সালের নির্বাচনে সুচির দল যুগান্তকারী বিজয় পেয়েছিল। কিন্তু জান্তা সরকার ওই বিজয় প্রত্যাখ্যান করে। সুচিকে গৃহবন্দী এবং তার ঘনিষ্ঠদের কারাঅন্তরীণ করা হয়।























