অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রতনপুর ইউনিয়নের মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন খালের উপর আয়রণ ব্রিজটি নির্মাণের পর থেকে অদ্যাবধি কোন সংস্কার না হওয়ায় ব্রিজের ঢালাই খসে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ স্থানীয় সাধারণের মরণফাঁদে পরিণত হয়েছে। এব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও এলজিইডি বিভাগ কোন ব্যবস্থা নিচ্ছেনা বলে স্থানীয়রা অভিযোগ করেন।
সংশ্লিষ্ট ও স্থানীয়সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালে এলজিইডি বিভাগ স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ স্থানীয়দের চলাচলের জন্য স্কুল সংলগ্ন খালের উপর একটি আয়রণ স্ট্রাকচার ব্রিজ নির্মাণ করে। নির্মাণের পরে গত ২০ বছরেও কোন সংস্কার না করায় ওই ব্রিজের দক্ষিণ অংশের ঢালাই খসে রড বের হয়ে সেটি এখন লোকজন চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। এর সাথে ব্রিজের আয়রণ স্ট্রাকচারগুলো মরিচা ধরে ভেঙ্গে খসে পরছে। ঝুঁকিপূর্ণ ওই ব্রিজ দিয়ে মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীসহ শত শত লোকজন প্রতিদিন যাতায়াত করছে। ব্রিজ দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে শত শত শিক্ষার্থীসহ এলাকার লোকজন চলাচল করছে। ওই ব্রিজ দিয়ে চলাচল করতে গিয়ে ছোট বড় দূর্ঘটনার শিকার হচ্ছে কোমলমতি শিক্ষার্থীসহ বয়স্ক লোকজন। কোমলমতি শিক্ষার্থীদের মরণফাঁদে পরিণত হওয়া ব্রিজটি দিয়ে প্রতিদিন চলাচল করতে হচ্ছে। জরুরী ভিত্তিতে ব্রিজটি সংস্কার বা পুণ:নির্মাণ করার দরকার হলেও স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট বুদ্ধিজীবিরা কেন এতদিন ওই ব্রিজটি সংশ্লিষ্ট কোন প্রকল্পের আওতায় এতদিন দাখিল করলেন না তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন স্থানীয় লোকজন। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী রাজকুমার গাইন সাংবাদিকদের বলেন, ওই ব্রিজটি আগামী অর্থবছরে এডিবি প্রকল্পের আওতায় ইউপি চেয়ারম্যান সংস্কার করে দেবেন বলে জানিয়েছেন।





















