আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে অনলাইন পত্রিকাগুলোকে নিবন্ধন করার নির্দেশনা জারী

দেশের অনলাইন পত্রিকাগুলোকে নিবন্ধনের আওতায় আনছে সরকার। এ লক্ষ্যে অনলাইন পত্রিকার নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়েছে। আজ সোমবার এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে অনলাইন পত্রিকাগুলোকে নিবন্ধন করার নির্দেশ দিয়েছে তথ্য অধিদপ্তর।

তথ্য বিবরণীতে বলা হয়, ‘দেশের অনলাইন পত্রিকার প্রকাশকদের পত্রিকা প্রকাশের ক্ষেত্রে সরকারি সুযোগ ও সুবিধা নিশ্চিত করা এবং অপসাংবাদিকতা রোধ করার লক্ষ্যে সরকার অনলাইন পত্রিকা নিবন্ধন কার্যক্রম চালু করেছে। এ লক্ষ্যে নির্ধারিত নিবন্ধন ফরম ও একটি প্রত্যয়নপত্র বা হলফনামা পূরণ করে তথ্য অধিদপ্তরে জমা দিতে হবে। ফরম ও প্রত্যয়নপত্রের নমুনা তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।’

তথ্য বিবরণীতে আরো বলা হয়, ‘নিবন্ধনের জন্য ফরম ও প্রত্যয়নপত্রের নমুনা সাময়িকভাবে তথ্য অধিদপ্তরের প্রটোকল শাখা থেকে সংগ্রহ করা যাবে। দাখিলকৃত তথ্যাদি যাচাই–বাছাই সাপেক্ষে তথ্য অধিদপ্তর অনলাইন পত্রিকাটির রেজিস্ট্রেশন প্রদান করবে।’

এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শের জন্য তথ্য অধিদপ্তরের প্রটোকল শাখায় (ফোন নম্বর : ৯৫১৪০৬৫ অথবা ০১৭১৫২৫৫৭৬৫ নম্বরে) যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

বর্তমানে চলমান সব অনলাইন পত্রিকাকেও একই প্রক্রিয়ায় নির্ধারিত ফরম ও প্রত্যয়নপত্র বা হলফনামা পূরণ করে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে  আবেদন করার নির্দেশ দেওয়া হয় তথ্য বিবরণীতে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ