কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আকিজ বিড়ির দুটি ফ্যাক্টরি কোনো ঘোষণা ছাড়াই বন্ধ করে দেয়া হয়েছে।
অবিলম্বে বকেয়া মজুরি প্রদান ও ফ্যাক্টরি খুলে দেয়ার দাবিতে সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে বিক্ষোভ করেছে ফ্যাক্টরির শ্রমিকরা।
শ্রমিকরা জানান, তাদের না জানিয়ে বৃহস্পতিবার থেকে হোসেনাবাদ ও ফিলিপনগরের দুটি বিড়ি ফ্যাক্টরিই বন্ধ করে দেয়া হয়েছে। এমনকি তাদের বকেয়া মজুরি পরিশোধ করা হচ্ছেনা। যে কারণে ফ্যাক্টরি দুটিতে কর্মরত প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক কর্মচারী দিশেহারা হয়ে পড়েছে।
বিড়ি শ্রমিক লালচাঁদ জানান, দীর্ঘদিন ধরে তারা বিড়ি শ্রমিকের কাজ করায় অন্য কোনো কাজ করা তাদের পক্ষে সম্ভব নয়। তাই অবিলম্বে তারা বকেয়া মজুরি পরিশোধ ও ফ্যাক্টরী খুলে দেবার দাবি জানিয়েছেন।
ফ্যাক্টরির ম্যানেজার খোনশেদ আলম জানান, কোম্পানির প্রধান কার্যালয় থেকে কোন বরাদ্দ না আসায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। খুব শীঘ্রই বিষয়টির সুরাহা হতে পারে বলে তিনি জানিয়েছেন।






















