চলমান ভারতীয় প্রিমিয়ার লীগ (আইপিএল) থেকে এবার বাদ পড়লেন কিংস ইলেভেন পাঞ্জাবের ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। পেটের বাম পাশের পেশীতে টান পড়ায় ম্যাক্সওয়েলের শুধুমাত্র আইপিএল মিশনই শেষ হয়ে যায়নি, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরেও তার অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বাড়তি সতর্কতার জন্য হার্ড হিটিং এই ব্যাটসম্যানকে দেশে ফেরত পাঠানো হচ্ছে।
রবিবার আইপিএল টেবিলের শীর্ষে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ৭ উইকেটের পরাজিত হয়ে পাঞ্জাবের প্লে অফে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে। অস্ট্রেলিয়া দলের ফিজিওথেরাপিস্ট ডেভিড বেকলি অবশ্য বলেছেন, ইনজুরির মাত্রা ততটা গুরুতর নয়। যে কারণে ওয়েস্ট ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় সিরিজে ম্যাক্সওয়েলের খেলা নিয়ে সংশয় থাকার কথা নয়। তবে এজন্য তাকে যথার্থ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে।
এর আগে বিভিন্ন ধরনের ইনজুরিতে আক্রান্ত হয়ে দেশে ফিরে যাওয়া অস্ট্রেলিয়ানরা হচ্ছেন অধিনায়ক স্টিভেন স্মিথ, মিশেল মার্শ, জন হ্যাস্টিংস ও শন মার্শ।
























