লিবিয়ায় মার্কিন বোমারু বিমানের হামলায় নিহত হয়েছে আইএস প্রধান আবু নাবিল। ইরাকের নাগরিক এই শীর্ষ জঙ্গি দীর্ঘদিন ধরেই জড়িত ছিল আল–কায়েদার সঙ্গে। উইসাম নাজাম আব্দ আল–জুবায়েদি নামেও পরিচিত এই জঙ্গি এইএসের মুখপাত্রে দায়িত্ব পালন করছিল বলেও মনে করা হচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত এক ভিডিওয় মিশরের খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের হত্যার দৃশ্য প্রচার করেছিল এই আইএস শীর্ষ নেতা।
মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের মুখপাত্র পিটার কুক বলেন, “গত শুক্রবার প্যারিসে জঙ্গি হামলার আগেই ওই হামলা চালানো হয়। লক্ষ্যস্থল ছিল লিবিয়ার দারনার এক এলাকা। বিমান হামলায় নাবিল যে নিহত হয়েছে, সে বিষয়ে আমরা নিশ্চিত।” পেন্টাগন সূত্রে খবর, নাবিলের ওপর হামলা এটাই প্রমাণ করে যে, আইএসের নেতারা যেখানেই থাকুক না কেন, সেখানে হামলা চালাতে সক্ষম আমেরিকা। একই সঙ্গে নাবিলের মৃত্যু লিবিয়ায় আইএসের লক্ষ্য ও কার্যক্রমকে ব্যাহত করবে।
























