বান্দরবানে টংকাবতী ইউনিয়নের টংকাবতী, হরিণ ঝিড়ি ও টাকের পানছড়ি মৌজা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
রোববার দুপুর ১১টায় শহরে প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন হরিণ ঝিড়ি মৌজার হেডম্যান কাইনওয়াই ম্রো ও একই ইউনিয়নের কয়েকজন ম্রো কার্বারী (গ্রাম প্রধান)।
মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করেন, টংকাবতী ইউনিয়নের ৩টি মৌজার ম্রো বাসিন্দারা শত বছর ধরে বসবাস করে আসছেন। কিন্তু কয়েক বছর ধরে টংকাবতী, হরিণ ঝিড়ি ও টাকের পানছড়ি মৌজা থেকে চট্টগ্রামের লোহাগাড়ার অ্যাডভোকেট মকবুল আহমেদ, কালু মেম্বার ও আবদুর রহিম প্রভাব বিস্তার খাটিয়ে অনুমোদন ছাড়া পাথর উত্তোলন করে যাচ্ছে। ফলে এসব এলাকায় ঝিড়ি-ঝরনাগুলোতে প্রায় পানি শুকিয়ে যাচ্ছে।
মানববন্ধনে শেষে পাথর উত্তোলন বন্ধের দাবি জানিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করা হয়।
























