অনিয়মের অভিযোগে বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে চট্টগ্রামের চন্দ্রনাইশ পৌরসভার ২টি কেন্দ্র এবং কুমিল্লার বরুড়া পৌরসভার একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

চট্টগ্রাম: চট্টগ্রামের চন্দ্রনাইশ পৌরসভায় ভোটগ্রহণ শুরুর ২ ঘণ্টা আগে কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল দেয়ার অভিযোগে ২টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন জানান, দুর্বৃত্তরা ভোর ৬টার দিকে পৌরসভার গাছবাড়িয়া এন জে উচ্চ বিদ্যালয় এবং আফলাতুন ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্র দখল করে প্রায় সাড়ে ৯শ’ ব্যালট পেপারে সিল দেয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রিসাইডিং অফিসারের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরপরই কেন্দ্র দুটির ভোট গ্রহণ স্থগিত করা হয়।

কুমিল্লা: ভোরে কুমিল্লার বরুড়া পৌরসভার শিলমুরি উত্তর ইউনিয়নের লতিফপুর ভূমি অফিস কেন্দ্রে হামলা চালিয়ে এক হাজার ২শ’ ব্যালট পেপার ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে রিটার্নিং অফিসার লুৎফুর নাহার নাজিম ভোট গ্রহণ স্থগিত করেন।

এদিকে, সন্দেহজনক গতিবিধির জন্য এটিএন নিউজের রাজশাহী ব্যুরো প্রধান ও ক্যামেরাপারসনসহ ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিজিবি।

অনিয়মের অভিযোগে মাদারীপুরের কালকিনির ২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত এবং কুমিল্লার বাড়ুয়ার ১টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

এদিকে রাজশাহীর পুঠিয়ায় ‘সন্দেহজনক গতিবিধির অভিযোগে’ ৩ সাংবাদিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিজিবি।

তিন সাংবাদিক হলেন, দৈনিক সমকাল এবং এটি এন নিউজের রাজশাহী ব্যুরো চিফ ও ক্যামেরা পার্সন। তাদেরকে সকালে ভোট শুরুর প্রথমেই আটক করা হয়।

অপরদিকে নগরীর উপকণ্ঠ কাটাখালী পৌরসভার একটি ভোট কেন্দ্রের বাইরে গভীর রাতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শ্যামপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।

এই বিস্ফোরণের পর  ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক পুলিশ গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, রাতে শ্যামপুর উচ্চবিদ্যালয় ভোট কেন্দ্রের প্রায় ১০০ গজ দূরে বিস্ফোরনের ঘটনা ঘটে।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ওই ভোট কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছান। তবে তার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ককটেল জাতীয় বিস্ফোরকের অবশিষ্ট উদ্ধার করা হয়।

ওসি আরো বলেন, ‘কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি।’

তবে ভোটে আতঙ্ক ছড়াতেই এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক ছড়ালেও পরে তা স্বাভাবিক হয়ে যায়। পৌর এলাকার সবকটি ভোট কেন্দ্রের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলেও জানান ওসি।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ