‘বাবা, তুমি মরে যেও না’—এটাই ছিল সিরিয়ার তিন বছর বয়সী শিশু আয়লানের শেষ কথা। নৌকাডুবির পর সাগরের ঢেউয়ের ধাক্কায় বাবার হাত থেকে ছিটকে পড়ার আগে এই কথাগুলোই বলেছিল শিশুটি। আয়লানের এক আত্মীয় এই কথা সাংবাদমাধ্যমকে জানিয়েছেন৷
সম্পর্কে আয়লানের পিসি টিমা ব্রিটেনের কলম্বিয়া প্রদেশের বাসিন্দা৷ ছোট্ট ভাইপোকে হারিয়ে তিনি এখন শোকস্তব্ধ৷ কারণ তিনিই ভাই আবদুল্লাহকে অর্থ পাঠিয়েছিলেন নৌকায় চড়ে সপরিবারে ইউরোপে যাওয়ার জন্য। উদ্দেশ্য ছিল, পরে সবাইকে কানাডায় থাকার ব্যবস্থা করে দেওয়া৷
নৌকাডুবিতে আয়লানের সঙ্গে মারা গিয়েছে তার ৫ বছরের দাদা গালিব ও তাদের মা রেহানা (৩৫)। সিরিয়ার কুর্দি পরিবারটি তুরস্ক থেকে গ্রিসে যেতে চেয়েছিল। আয়লানের মৃতদেহ তুরস্কের বোদ্রাম সমুদ্র সৈকতে ভেসে ওঠার পর সেই ছবি প্রকাশিত হলে সারা বিশ্বে আলোড়ন তৈরি হয়।
আয়লানের পিসি টিমা বলেন, নৌকাটি উল্টে যাওয়ার পর তাঁর ভাই আবদুল্লাহ আপ্রাণ চেষ্টা করেন দুই ছেলেকে বাঁচানোর। ঢেউয়ের প্রবল ধাক্কা থেকে বাঁচিয়ে তিনি ছেলে দুটোকে দুই হাতে জলের উপরে তুলে ধরে সাঁতরাচ্ছিলেন। কিছুক্ষণ পর বুঝতে পারেন, গালিব আর বেঁচে নেই। তখন আয়লানকে বাঁচানোর চেষ্টা করেন। স্ত্রীর খোঁজেও আশপাশে তাকাচ্ছিলেন তিনি।
























