কর্মক্ষেত্রের প্রায় সব স্তরেই মজুরি বৈষম্যের শিকার হচ্ছেন নারীরা

গত কয়েক বছরে উল্লেখযোগ্য সংখ্যক নারী বিভিন্ন কাজে নিয়োজিত হয়েছে। কিন্তু কর্মক্ষেত্রের প্রায় সব স্তরেই নারীরা শিকার হচ্ছেন, মজুরি বৈষম্যের। অনেক ক্ষেত্রেই তারা পাচ্ছেন না সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি। 

শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার সুনিশ্চিত করা গেলে নারীর মজুরি বৈষম্যের বিরুদ্ধে নারীপুরুষেরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারবে বলে মনে করেন নারীর শ্রম অধিকার আন্দোলনের সঙ্গে জড়িতরা। দেশে প্রতিবছর গড়ে ৫ লাখ নারী বিভিন্ন কাজে নিযুক্ত হন। নারী শ্রমিকদের অধিকার আন্দোলনের সঙ্গে জড়িতরা বলছেন, এই কর্মজীবী নারীদের বেশির ভাগই ২০০৬ সালের শ্রম আইন অনুযায়ী মজুরি ও অন্যান্য সুযোগ সুবিধা পান না। শহর ও গ্রামভেদে নারী ও পুরুষ শ্রমিকের বেতন বৈষম্যও বেশ প্রকট।  
বিভিন্ন সংস্থার পরিসংখ্যান বলছে, ১৫ লক্ষ গার্মেন্টস শ্রমিকের মধ্যে নারীর সংখ্যা প্রায় সাড়ে ১৩ লাখ। মজুরির পাশাপাশি তারা স্বাস্থ্য ঝুঁকিসহ নানা সামাজিক বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছেন। গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখা নারীরাও পাচ্ছেন না শ্রমের সঠিক মজুরি। এমনকি, গৃহস্থালিতে প্রতিদিন শ্রম দেয়া প্রায় সাড়ে ৫ কোটি নারীরও শ্রমের কোন মূল্যায়ন নেই দেশের অর্থনীতিতে। 

জাতীয় শ্রমিক জোটের সভাপতি শিরিন আখতার বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানগুলো ছাড়া বিভিন্ন জায়গাতে নারীদেরকে বেতনের অনেক বৈষম্য আছে।’ বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজ প্রকল্প সমন্বয়ক কোহিনুর মাহমুদ বলেন, ‘মুদ্রাস্ফীতি থাকলে প্রকৃতআয় কমে যায়।’ নারী নেত্রীরা বলছেন, শ্রমবাজারে নিযুক্ত নারীরা এখনো মজুরি, নিয়োগ, পদোন্নতি এসব বিষয়ে বৈষম্যের শিকার হচ্ছেন। নিজেদের অধিকার আদায়ে নারীদের ট্রেড ইউনিয়নে অন্তর্ভূক্তিকরণের ওপর জোর দেন তারা। 

কর্মজীবী নারী প্রতিষ্ঠাতা সভাপতি শিরিন আখতার বলেন, ‘ব্যক্তি মালিকানা খাতগুলোতে এখনো স্বাধীনভাবে ট্রেড ইউনিয়ন গড়ে উঠতে পারছে না।  সে কারণে প্রয়োজন যেখানে নারী সদস্য রয়েছে তাদেরকে ট্রেড ইউনিয়নে সংঘবদ্ধ হওয়া এবং তাদের এই মজুরি বৈষম্যের বিষয়টি ট্রেড ইউনিয়নের দাবি হিসেবে নিয়ে আসা।’ নারীদের সমকাজে সম মজুরি এবং এবং সময়মত তা পরিশোধ নিশ্চিত করা না হলে নারীদের প্রতি মজুরি বৈষম্য কমানো সম্ভব নয় বলে মনে করেন শ্রমিক অধিকার আন্দোলনের নেত্রীরা। 

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ