ফুটবলে ছয় বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে উয়েফা সভাপতি মিশেল প্লাতিনির আপিল নাকচ হওয়া পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে ক্রীড়া বিষয়ক সর্বোচ্চ আদালত কোর্ট অব আরবিট্রেশন নিষেধাজ্ঞা তুলে না নিলেও সেটি দুই বছর কমিয়ে দিয়েছেন।
প্লাতিনি ও সাবেক ফিফা সভাপতি সেপ ব্লাটারের বিরুদ্ধে অনৈতিকভাবে দুই মিলিয়ন সুইস ফ্রা লেনদেনের অভিযোগ প্রমাণিত হয়। ২০১১ সালে প্লাতিনি, ব্লাটার থেকে এই পরিমাণ অর্থ নেন ১৯৯৮ থেকে ২০০২ পর্যন্ত তার উপদেষ্টা হিসেবে কাজ করার বিনিময়ে। এই বিষয়ে তাদের মধ্যে ‘মৌখিক’ চুক্তি হয়েছিল বলে দাবি করেন দুইজন।
ফিফার নৈতিক কমিটি তাদের আট বছর করে বরখাস্ত করলে আপিল কমিটি সেটি কমিয়ে ছয় বছর করে। এরপর প্লাতিনি তার নিষেধাজ্ঞা তুলে নিতে ক্রীড়া বিষয়ক সর্বোচ্চ আদালতে আবেদন করে। কিন্তু কোর্ট অব আরবিট্রেশনের তিন সদস্যের প্যানেল বলেছে, তারা লেনদেনের বৈধতার বিষয়ে নিশ্চিত নন। প্লাতিনির আচরণ নৈতিক কিংবা বৈধ ছিল না। তবে দুই বছর নিষেধাজ্ঞা কমানোর পাশাপাশি ৮০ হাজার সুইস ফ্রা জরিমানা কমিয়ে ৬০ হাজার করা হয়েছে।
ক্রীড়া বিষয়ক সর্বোচ্চ আদালতের এই রায়ের পরে মিশেল প্লাতিনির আইনজীবী বলেন, উয়েফার পরবর্তী কংগ্রেসে প্লাতিনি পদত্যাগ করবেন। কোর্ট অব আরবিট্রেশনের রায়ে প্লাতিনি গভীরভাবে হতাশ এবং এটিকে অবিচার মনে করছেন তিনি।
























