কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের গাড়ি বোমা হামলায় তুরস্কের অন্তত তিন পুলিশ কর্মকর্তা নিহত ও নয়জন আহত হয়েছেন বলে জানা গেছে।
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মারদিন প্রদেশে এ ঘটনা ঘটেছে।
গতকাল (বুধবার) শেষ বেলায় পিকেকে গেরিলারা বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে আনিতলি গেন্দারমারি কমান্ড হেডকোয়ার্টারে বিস্ফোরণ ঘটায় বলে নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা সূত্রগুলো থেকে জানা যায়।
তারা আরও জানায়, এতে এসব পুলিশ কর্মকর্তা হতাহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে যায় এবং সন্ত্রাসী হামলার বিষয়ে তদন্ত শুরু করে।
গত বছরের জুলাই মাসে পিকেকে গেরিলা ও তুর্কি সরকারের মধ্যকার অস্ত্রবিরতি ভেঙে যায় এবং সেই থেকে তুরস্কের সামরিক বাহিনী পিকেকে গেরিলাদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চালিয়ে আসছে। সামরিক অভিযানে এ পর্যন্ত পাঁচ হাজারের বেশি কুর্দি নাগরিক মারা গেছে। তুর্কি সরকার দাবি করে- নিহত কুর্দিদের মধ্যে বেশিরভাগই গেরিলা।
























