পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ডোনাল্ড ট্রাম্পের সাজা স্থগিতের আবেদন খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সর্বোচ্চ আদালত। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের হাতে।
স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ৯টায় ম্যানহাটনের আদালতে নির্ধারিত সাজা স্থগিত করতে ট্রাম্পের আইনজীবীরা সর্বোচ্চ আদালতে আবেদন করেছিলেন।
ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের অফিস থেকে একটি আদালত ফাইলিংয়ে বলা হয়, ‘অভিযুক্ত এখন চায় এই আদালত ব্যতিক্রমী পদক্ষেপ নিয়ে একটি বিচারাধীন মামলায় হস্তক্ষেপ করুক এবং নির্ধারিত সাজা ঘোষণাকে স্থগিত করুক। এর কোনো ভিত্তি নেই।’
ট্রাম্পের আইনজীবী দাবি করেন, প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্ব পালনের কারণে অপরাধমূলক মামলা থেকে ইমিউনিটি পাওয়ার অধিকারী তিনি।
ট্রাম্প ২০২৩ সালের মে মাসে ৩৪টি অভিযোগে দোষী সাব্যস্ত হন। এর মধ্যে ২০১৬ সালের মার্কিন নির্বাচনের আগে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেন তথ্য গোপন করার জন্য।
মামলার বিচারক জুয়ান মেরচান আগেই বলেছেন, তিনি ট্রাম্পকে কারাদণ্ড দেওয়ার কোনো ইচ্ছা নেই। তাকে শর্তহীন মুক্তি দেওয়া হবে। এর ফলে ট্রাম্প দোষী সাব্যস্ত হলেও তাকে কোনো কারাদণ্ড, জরিমানা বা পর্যবেক্ষণ আরোপ করা হবে না।
























