২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

গণভবন জাদুঘরে ‌আয়নাঘরের একটি প্রতিরূপ নির্মাণ করা উচিত

গণভবন জাদুঘরে ‘আয়নাঘরের’ একটি প্রতিরূপ নির্মাণ করা উচিত বলে অভিমত ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, ‘গণভবন জাদুঘরে আয়নাঘরের একটি প্রতিরূপ নির্মাণ করা উচিত, যেখানে শেখ হাসিনা শত শত ভিন্নমতাবলম্বী ও বিরোধী নেতাদের গোপনে আটক রাখতেন। আয়নাঘর দর্শনার্থীদের সেই বন্দিদের কষ্টের কথা স্মরণ করিয়ে দেবে।’
গণভবনে ক্ষমতাচ্যুত ‘স্বৈরশাসক’ শেখ হাসিনা গত ১৫ বছর ধরে বাস করেছিলেন, যা দমন ও তার নৃশংস শাসনের প্রতীক হয়ে উঠেছে’’ বলে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

সোমবার (২৮ অক্টোবর) গণভবন পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানের স্মরণে গণভবনে একটি জাদুঘর নির্মাণ দ্রুত সময়ে করতে উপদেষ্টাদের নির্দেশ দেন।
গণভবনের ধ্বংসাবশেষ পরিদর্শনকালে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘তার (শেখ হাসিনা) দুঃশাসনের স্মৃতি এবং জনগণ যে ক্ষোভ প্রকাশ করেছিল, যখন তারা তাকে ক্ষমতা থেকে উৎখাত করেছিল, সেসব জাদুঘরের রাখা উচিত হবে।’
শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার কয়েক মুহূর্ত পর ৫ আগস্ট গণভবনে কয়েক লাখ বিক্ষোভকারী হামলা চালায়। বিক্ষোভকারীরা গণভবনের দেয়াল ও কক্ষে গ্রাফিতি এঁকে এবং খুনি হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ নোট লিখে তাদের ক্ষোভ প্রকাশ করে।
অধ্যাপক ইউনূস উপদেষ্টাদের জাদুঘর বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করতে বলেন। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাদুঘরের জন্য প্রস্তাব চূড়ান্ত করতে বলেন তিনি।
গণভবন পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমও উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ