ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি সোমবার রাতে ঘোষণা করা হতে পারে। জানা গেছে, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে গণভবনে গেছেন। প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে রাতেই ৩০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।
ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন এ তথ্য নিশ্চিত করে বলেন, সব প্রক্রিয়া শেষের দিকে পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে জানাবো।[ad id=”28167″]
এর আগে পূর্ণাঙ্গ কমিটি নিয়ে বেশ কয়েক দফা বৈঠক হয়েছে। সম্পূর্ণ তালিকা নিয়ে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে ২১ ফেব্রুয়ারি উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে ছাত্রলীগ সভাপতি-সম্পাদক সুবিধাজনক স্থানে দেখা করে অনুমতি নেবেন। প্রধানমন্ত্রীর আবার সংসদেও উপস্থিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে আজ দেখা না হলে কমিটি ঘোষণা একদিন পিছিয়ে যেতে পারে।
গত বছরের ২৬ জুলাই অনুষ্ঠিত ২৮তম জাতীয় সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের নতুন সভাপতি-সাধারণ সম্পাদকের বয়স ৭ মাস হতে চলল।
























