চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনালে দ্রুত পণ্য পরিবহনের জন্য বহিনোর্ঙরে শিগগির একটি ভাসমান কনটেইনার টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এ জন্য দ্রুত অর্থ ছাড় করারও আশ্বাস দেন তিনি। পানগাঁওর সবোর্চ্চ ব্যবহার নিশ্চিতের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন অর্থমন্ত্রী। সভায় পানগাঁও বন্দরের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়।
মতবিনিময় সভায় রপ্তানিকারকরা অভিযোগ করেন, মেইন লাইন শিপিং অপারেটরদের অসহযোগিতার কারণে রপ্তানি কনটেইনার পরিবহনে পানগাঁও ব্যবহার করা যাচ্ছেনা।
এজন্য বিদেশী ক্রেতাদের ফোরামের সাথে বন্দর কর্তৃপক্ষকে সভা করার পরামর্শ দেন। এ প্রেক্ষাপটে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, পানগাঁও থেকে রপ্তানি কনটেইনার পরিবহনে মেইন লাইন শিপিং অপারেটরদের সহযোগিতা কামনা করেন।
সভায় চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান জানান, জাহাজ ভাড়া, বন্দর ব্যবহার চার্জ কমানোসহ বিভিন্ন উদ্যোগের ফলে পানগাঁও দিয়ে আমদানি কনটেইনার পরিবহন বেড়েছে। রপ্তানি কনটেইনার পরিবহনের জন্য সব পক্ষকেই এগিয়ে আসতে হবে।
ব্যবসায়ীরা, পানগাওঁর ব্যবহার বাড়াতে দক্ষ শ্রমিক নিয়োগ, প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন এবং ঢাকা-মাওয়া মহাসড়ক থেকে সাভার আশুলিয়া পর্যন্ত বাইপাস সড়ক নির্মানের দাবি জানান।
























