২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ক্যামেরার সামনে দাঁড়ানো নিয়ে বিএনপি’র আইনজীবিদের মধ্যে ধাক্কাধাক্কি

টেলিভিশনের ক্যামেরার সামনে আগে দাঁড়ানো নিয়ে হাতাহাতিতে জড়িয়েছেন বিএনপি-সমর্থিত আইনজীবীরা।

এ সময় এক আইনজীবীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে শার্ট ছিঁড়ে ফেলতে দেখা যায়। বৃহস্পতিবার দুপুর দেড়টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিশেষ আদালত ত্যাগ করার পরপর এ ঘটনা ঘটে। পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠের এ অস্থায়ী বিশেষ জজ আদালতে হাজির হয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিন নেন বিএনপি নেত্রী। এরপর তিনি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় প্রায় এক ঘণ্টা আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেন। আত্মপক্ষ সমর্থন শেষে খালেদা জিয়া আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন। এরপর সংবাদমাধ্যমের সামনে কথা বলতে আসেন বিএনপিপন্থী আইনজীবীরা। এ সময় টেলিভিশনের ক্যামেরার সামনে দাঁড়ানো নিয়ে আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে ঢাকা বারের সভাপতি খোরশেদ আলী মিয়াকে ধাক্কা দেয়াকে কেন্দ্র করে বিএনপি-সমর্থিত আইনজীবীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। জানা যায়, বিএনপিপন্থী সুপ্রিমকোর্টের আইনজীবী মির্জা আল মাহমুদ ঢাকা বারের সভাপতি খোরশেদ আলী মিয়াকে ধাক্কা দেন। পরে খোরশেদের সমর্থক আইনজীবীরা মির্জা মাহমুদের ওপর চড়াও হন। এ সময় উভয়পক্ষের আইনজীবীদের হাতাহাতির মধ্যে মির্জা মাহমুদের পরিধেয় পোশাক ছিঁড়ে যায়। তিনি অনেকটা দৌড়ে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ