২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

অটোরিকশার ব্যাটারি চুরি হওয়ায় মাইক ভাড়া করে চোরকে গালাগাল

অটোরিকশার ব্যাটারি চুরি হওয়ায় মাইক ও সিএনজি অটোরিকশা ভাড়া করে চোরকে গালাগাল করেছেন কিশোরগঞ্জের ভৈরবে মো. হৃদয় (২৮) নামের এক ব্যক্তি। সোমবার (২৩ ডিসেম্বর) গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। হৃদয় উপজেলার গজারিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মৃত আনার মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক।
জানা যায়, মাইক ভাড়া করে গালাগাল করার সময় ১ মিনিট ৭ সেকেন্ডের একটি ভিডিও সে এলাকার আক্রাম নামে এক ব্যক্তি সামাজিকমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। পরে সোমবার (২৩ ডিসেম্বর) সকালে মূহুর্তেই সেই ভিডিওটি ভাইরাল হয়। তবে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছে নেটিজেনরা। এর মধ্যে অনেকে সমবেদনা জানিয়েছে। আবার অনেকে গালির জন্য তীব্র সমালোচনা করেছেন।
স্থানীয়রা জানায়, শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে হৃদয় অটোরিকশা চালিয়ে বাড়িতে ফেরেন। অটোরিকশার ব্যাটারি খুলে মায়ের ঘরে রাখেন। রাখার কিছু সময় পরই ব্যাটারিটি ঘর থেকে চুরি হয়ে যায়।
ভুক্তভোগী হৃদয়ের ওই ঘরে গিয়ে দেখা যায়, ঘরের দরজা-জানালা নেই, বৃষ্টি হলে পানি পড়ে। পলিথিন দিয়ে কোনোরকমে জানালা ও ঘরের চালা আটকিয়ে সেখানেই বৌ-বাচ্চা নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। পরিবারের আয়ের একমাত্র অবলম্বন ছিল এই অটোরিকশা।
হৃদয় বলেন, আমি অসহায় মানুষ। দিন আনি দিন খাই। অন্যের রিকশা ভাড়ায় চালিয়ে সংসারের খরচ জোগাড় করি। এই ব্যাটারি চুরি হওয়ায় আজ দুইদিন ধরে তিন সন্তান, বৌ, মা নিয়ে খুব কষ্টে আছি। এর মধ্যে প্রতিদিন পাঁচশ টাকা হাজিরা দিতে হয় মহাজনকে।
এমতাবস্থায় ব্যাটারি চুরি হওয়ার পরদিন এলাকার মাদকসেবীসহ বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে গিয়েছি, হাতে পায়ে ধরেছি, যাতে আমার ব্যাটারিটি ফিরিয়ে দেয়। কিন্তু কেউ আমার ব্যাটারি ফিরিয়ে দেয়নি। পরে রাগে-ক্ষোভে মাইক ভাড়া করে চোরকে মনের দুঃখে গালাগালি করেছি। এর জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী। আসলে কি বলবো- গরীব মানুষের দুঃখ কেউ বুঝে না।
হৃদয়ের মা অরুণা বেগম বলেন, আমাদের সংসারে তার বাপ মারা যাওয়ার পর থেকে অভাব-অনটন লেগেই আছে। সে তার মধ্যেও কষ্ট করে সংসারের হাল ধরেছে। এর মধ্যে কিছুদিন আগেও একবার ব্যাটারি চুরি হয়, অনেক কষ্টে ধার-দেনা করে ব্যাটারি কিনতে হয়েছে। শনিবার আবার ব্যাটারি চুরি হলে, আমার ছেলে অনেকটা পাগলই হয়ে যায়। দুই দিন ধরে ব্যাটারির জন্য গাড়ি চালানো বন্ধ। অভাবের সংসার এখন কীভাবে চলবে, কীভাবে মহাজনের হাজিরা দিবে, এই চিন্তায় ছেলে আমার অনেকটা পাগলপ্রায় হয়ে গেছে। প্রতিদিন টাকা গুনতে হচ্ছে নয়তো ব্যাটারির টাকা ভর্তুকি দিতে হবে।
অটোরিকশার মালিক মাসুদ মিয়া বলেন, হৃদয় আমার গাড়ি চালায়, দৈনিক সাড়ে চারশো টাকা ভাড়া দেয়। চুরির ঘটনাটি শুনেছি কিন্তু আমার পক্ষে তো তেমন কিছু করার নেই। আমি বড়জোর তার কয়েকদিনের ভাড়া মওকুফ করতে পারি। কারণ অটোরিকশার মূল হলো ব্যাটারি।
উপজেলার মানিকদি চৌমুরি বাজারের মাইকের দোকানদার মো. আবেদ উল্লাহ বলেন, সোমবার সকালে একটি লোক পাগলের মতো এসে মাইক ভাড়া চায়। প্রথমে আমি দিতে চাইনি, পরে অনেকের অনুরোধে ভাড়া দেই। তারপর দেখি মাইক দিয়ে সে চোরকে গালাগাল করছে। সে রাগে-ক্ষোভে কষ্টে এমনটি করেছে বলে ধারণা করছি।
গজারিয়া ইউনিয়নের সদস্য মো. মানিক চাঁন বলেন, ঘটনা আমি শুনেছি। তবে যে কারও কোনো কিছু চুরি হওয়ার বিষয়টি দুঃখজনক। আর মাইকে গালাগালের বিষয়টি সামাজিকভাবে অন্যায়। গরীব মানুষ দুঃখে এই কাজটা করেছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন জানান, আপনাদের মাধ্যমে এই ঘটনা শুনেছি। তবে এ বিষয়ে এখনও কোনো অভিযোগ থানায় আসেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ