টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে কৃষক শ্রমিক লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করা আব্দুল কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং অফিসার। ঋণ খেলাপির দায়ে তার মনোয়নপত্র বাতিল করা হয়েছে। একই সঙ্গে তার সহধর্মিনী নাসরিন সিদ্দিকীসহ আরো দুজনের মনোনয়পত্র বাতিল করা হয়েছে।
১১ অক্টোবর টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীসহ তার দলের চারজন প্রার্থী।
রোববার দুপুরে কালিহাতী উপজেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ মনোনয়নপত্র দাখিল করেন তারা। দলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এই চারজন ছাড়া আরও ছয়জন অর্থাৎ মোট ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন আওয়ামী লীগের প্রার্থী হাসান ইমাম খান (সোহেল হাজারী), স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলীম, জাতীয় পার্টির (জেপি) সাদেক সিদ্দিকী, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) আতাউর রহমান খান, জাতীয় পার্টির (এরশাদ) সৈয়দ মোস্তাক হোসেন রতন ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ইমরুল কায়েস।
কৃষক শ্রমিক জনতা লীগের অন্য প্রার্থীরা হলেন কাদের সিদ্দিকীর স্ত্রী বেগম নাসরিন সিদ্দিকী, দলের যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী ও কালিহাতী উপজেলা কমিটির সভাপতি হাসমত আলী। এদের মধ্যে নাসরিন সিদ্দিকীরও মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এর আগে ২০১৪ সালে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপনির্বাচনে ঋণখেলাপির দায়ে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
আজ মঙ্গলবার মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে এসব মনোনয়নপত্র বাতিল করা হলো। আগামী ২১ অক্টোবর বুধবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। আগামী ১০ নভেম্বর ভোট গ্রহণ।























