[english_date]

রাজ্জাককে ফেরত দেয়ায় পরিবারে আনন্দ, শুকরিয়া আদায়ে বিশেষ মোনাজাত

মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) হাতে অপহৃত বিজিবি নায়েক আবদুর রাজ্জাককে হস্তান্তরের খবরে নাটোরের সিংড়া উপজেলার বলিয়াবাড়ি গ্রামের বাড়িতে পরিবারের মাঝে চলছে আনন্দ।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবারের সদস্যরা এক মুহূর্তের জন্যই চোখ সরায়নি টেলিভিশনের পর্দা থেকে। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে রাজ্জাককে বিজিবির কাছে হস্তান্তরের খবর টিভিতে প্রচারের সঙ্গে সঙ্গে পরিবারের সদস্য ও স্বজনরা শুকরিয়া আদায়ে বিশেষ মোনাজাত করে ।

রাজ্জাককে ফেরত আনার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও সহযোগিতার জন্য সরকার ও গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার পরিবারের সদস্যরা।

আট দিন পর রাজ্জাককে হস্তান্তরের পর তার বাবা তোফাজ্জল হোসেন জানান, ছেলেকে ফেরত দেয়ার খবরে স্বস্তি পাচ্ছি ঠিকই। কিন্তু চোখে না দেখা পর্যন্ত কিছুতেই মনকে শান্ত করতে পারছি না।

রাজ্জাকের স্ত্রী আসমা বেগম বলেন, আমাদের একটি ছেলে সন্তান হয়েছে। অপেক্ষায় আছি কখন তার বাবা এসে ছেলেকে দেখবে, কোলে নেবে।

প্রসঙ্গত, মিয়ানমার সীমান্তে কর্মরত থাকা অবস্থায় ১৭ জুন সে দেশের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) তাকে অপহরণ করে নিয়ে যায়। এ খবর বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে জানার পর থেকে উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটছিল তার পরিবারের সদস্যদের।

অপরদিকে গত রোববার বেলা ১১টার দিকে রাজ্জাকের স্ত্রী আসমা বেগম একটি ফুটফুটে ছেলে সন্তান প্রসব করেন। ছেলের নাম রাখা হয় মুক্তি রানা। এছাড়াও তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ