[english_date]

ব্রিটেনের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী মেয়র নির্বাচিত

কাউন্সিলর নাদিয়া শাহ ব্রিটেনের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী মেয়র নির্বাচিত হয়েছেন। ক্যামডেন কাউন্সিলে বুধবার অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে লেবার কাউন্সিলর নাদিয়া শাহকে মেয়র হিসেবে নির্বাচিত করা হয়।
মেয়র হিসেবে শপথ নেওয়ার পর নাদিয়া জানান, তার এই অর্জন ব্রিটেনে এবং বাংলাদেশে নারীর ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা রাখবে।
ক্যামডেন কাউন্সিলের মেয়র নাদিয়া শাহ ব্রিটেনের প্রথম মুসলিম নারী মেয়র।

ক্যামডেনে জন্ম নেওয়া নাদিয়ার পৈত্রিক নিবাস বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়ায়। নাদিয়ার বাবা মোহাম্মদ নজরুল ইসলাম ও মা আম্বিয়া ইসলাম মেয়ের এই অর্জনে অত্যন্ত আনন্দিত। নাদিয়ার বাবার স্বপ্ন ছিলো তার মেয়ে এমন কিছু করবেন যেন তিনি হয়ে উঠতে পারেন সবার জন্য অনুকরণীয়। মেয়র নির্বাচিত হওয়ার পর এমন অভিব্যক্তি জানালেন নাদিয়ার বাবা। ব্যক্তি জীবনে নাদিয়া তিন সন্তানের জননী। নাদিয়ার স্বামী জলিল শাহ ক্যামডেন কাউন্সিলের ইনফরমেশন টেকনোলজি বিভাগের প্রধান হিসেব কর্মরত।

লন্ডনের পার্লামেন্ট হিল স্কুলে শিক্ষা জীবন শুরু করেন নাদিয়া। পরে গ্রিনউইচ বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করে ইনভেস্টমেন্ট অ্যাডভাইজর হিসেবে ইংল্যান্ডের ন্যটওয়েস্ট ব্যাংকে কর্মজীবন শুরু করেন। এরপর হোম অফিস, স্থানীয় সরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগে কাজ করার অভিজ্ঞতা লাভ করেন। ২০১৪ সালে নাদিয়ার রাজনীতিতে হাতে খড়ি। রিজেন্ট পার্কের যে আসনটিতে তিনি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, এর আগে এই আসনের কাউন্সিলর ছিলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দীক।

হ্যাম্পস্টেড ও কিলবার্ন আসনের বর্তমান এমপি টিউলিপ সিদ্দীক ক্যামডেন কাউন্সিলের রিজেন্ট পার্ক থেকে একজন কাউন্সিলর হিসেবে রাজনীতি শুরু করে ব্রিটিশ এমপি হয়েছেন। টিউলিপ সিদ্দীকের মতো ওয়েস্টমিনস্টারে যাওয়ার স্বপ্ন দেখেন কিনা জানতে চাইলে মৃদু হেসে জবাব দেন নাদিয়া শাহ। জানান, এ বিষয়ে এখনই মন্তব্য করতে চান না, সময়ই বলে দেবে তিনি কোথায় যাবেন।

ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে নাদিয়া জানান, ক্যামডেনের বাঙালিদের সহযোগিতা না পেলে তিনি কাউন্সিলর নির্বাচিত হতে পারতেন না।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ