মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে যুদ্ধবিমান। নীচে ১২ হাজার সেনার পায়ের আওয়াজ। সঙ্গে যোগ্য সঙ্গত হিসাবে চিনের জাতীয় সঙ্গীত। সব মিলিয়ে বৃহস্পতিবার জাপানের সঙ্গে যুদ্ধ জয় ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের সত্তর বছর পূর্তি উদযাপনে চিন দেখাল নিজেদের শক্তি।
তিয়েনয়ামেন স্কোয়ারের এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউইন হে, রাষ্ট্রসংঘের মহাসচিব বান-কি-মুন। এমনকী উপস্থিত ছিলেন তৎকালীন যুদ্ধে চিনের সহযোগী আমেরিকা ও ব্রিটেনের প্রতিনিধিরা। গোটা অনুষ্ঠানে নিজেদের ভান্ডারে থাকা অত্যাধুনিক অস্ত্র প্রদর্শন করেলেও আসলে চিন শান্তি চায় বলে এদিন বার্তা দিয়েছেন চিনের প্রেসিডেন্ট জি জিনপিং।
২০১২ সালে প্রথম ক্ষমতায় আসা জি জিনপিং এদিন বলেন, চিন এশিয়া এবং গোটা বিশ্বে শান্তি চায়। সেই লক্ষ্যেই ২.৩ মিলিয়ন সেনা সদস্য নিয়ে তৈরি বিশ্বের সর্বোচ্চ সেনাবাহিনী থেকে তিন লক্ষ সেনাকে ছেঁটে ফেলা হয়েছে।
























