গাজীপুরের টঙ্গীতে চাঁদার দাবিতে মোকছেদ আলী সেন্টু নামের এক ব্যবসায়ীকে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আজ রোববার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া এ আদেশ দেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন টঙ্গীর এরশাদনগর এলাকার মো. রুবেল ওরফে টাইগার রুবেল (৩৫), একই এলাকার বাবু (৩২) ও আশরাফ আলী (৩০) এবং টঙ্গীর আউচপাড়া এলাকার ছলেমান (৩১)। এই চারজনই পলাতক রয়েছেন।
সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অপর একটি ধারায় প্রত্যেককে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।উল্লেখ্য,আসামিপক্ষে মামলা পরিচালনা করেন ফয়েজ উদ্দিন।
গাজীপুর আদালতের পরিদর্শক রবিউল ইসলাম এ নিয়ে বলেন, চাঁদার দাবিতে ২০০৬ সালের ২৭ জানুয়ারি রাত সোয়া ১০টার দিকে আসামিরা কুপিয়ে টঙ্গীর এরশাদনগর এলাকার বাড়ির পাশেই মোকছেদ আলী সেন্টুকে হত্যা করে। এ ব্যাপারে নিহত ব্যক্তির বাবা বাদী হয়ে টঙ্গী থানায় মামলা করেন।
























